নতুন সিনেমায় যুক্ত হলেন সময়ের তিন জনপ্রিয় তারকা। ‘ছায়াবাজি’ নামের এই সিনেমাতে এক সঙ্গে অভিনয় করবেন শারমীন জোহা শশী, মডেল-চিত্রনায়ক সাঞ্জু জন ও লাক্স তারকা মৌসুমি হামিদ।
ছবিটির পরিচালক সোলায়মান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা। ইতিমধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে এর শুটিংও শুরু হয়েছে।
ছবিটি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা খুব একটা দেখা যায় না। ‘ছায়াবাজি’ সেই তালিকার একটি ছবি হতে যাচ্ছে। গল্পটি দর্শককে বিনোদিত করবে। চেষ্টা করছি নির্মাণের মুন্সিয়ানা বজায় রাখতে।’
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ছায়াবাজি’ ছবিটি। এটি প্রযোজনা করেছেন রাজু আলিম। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই সিনেমাটি মুক্তি পাবে।