আমিরগঞ্জে টেটাবিদ্ধ হয়ে ইউপি সদস্যসহ ২ জন আহত

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে এক ইউপি সদস্যসহ ২ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো- আমিরগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন (৪৫) ও তার ভাতিজা আনোয়ার হোসেনের ছেলে ইয়ামিন (১৭)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

আহতদের স্বজন ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য গোলজার হোসেনের সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য গোলজার হোসেন ৭/৮ জন নিয়ে নলবাটা মাদ্রাসার সামনে অবস্থান করছিল।

এ সময় স্থানীয় রফিকুল ইসলামের নেতৃত্বে ৪০/৫০জনের একটি দল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ওপর হামলা চালায়। ওই সময় প্রতিপক্ষের লোকজন টেটা দিয়ে খুঁচিয়ে ইউপি সদস্য ও তার ভাতিজাকে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, রফিকুল ও গোলজার হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় ইউপি সদস্য গোলজার হোসেন জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। আসার পর আজকেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।