ডিআরইউ নির্বাচন: সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মসিউর

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান খান নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এবং মনজুরুল আহসান বুলবুল ও এমএ আজিজ নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ১৬৯৩ জন ভোটারের মধ্যে ১৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন। তাদের মধ্যে নারী সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে নির্বাচিত মুরসালিন নোমানী ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মসিউর রহমান খান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওসমান গনি বাবুল। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল কবীর পেয়েছেন ৪৮৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত দাড়িয়া। তিনি পেয়েছেন ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ২৭০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মইনুল হাসান সোহেল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ কাফি পেয়েছেন ২৯৬ ভোট। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল। তিনি পেয়েছেন ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস পান্না পেয়েছেন ৬৪৬ ভোট।

তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হালিম মোহাম্মদ। তিনি পেয়েছেন ৬৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল মোশারেফ পেয়েছেন ৫৫৯ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহাবুদ্দিন মাহতাব পেয়েছেন ৪৪১ ভোট। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদা লিসা। তিনি পেয়েছেন ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবর রহমান পেয়েছেন ৫২৯ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নঈমুদ্দীন। তিনি পেয়েছেন ৫৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আখতারুজ্জামান পেয়েছেন ৫৮৩ ভোট। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে এম এম জসিম পেয়েছেন সর্বোচ্চ ৭৯২ ভোট, আজিজুর রহমান ৭৩০ ভোট, রুমানা জামান ৭১৩ ভোট, মো. মাহবুবুর রহমান ৬৯০ ভোট, রফিক রাফি ৬৬৬ ভোট, নার্গিস জুই ৬০৮ ভোট ও জাহাঙ্গীর কিরণ ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।