সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর ব্যক্তিগত গাড়িচালক শেখ নজিবুল্লাহ, সাতক্ষীরার সাংবাদিক সুভাষ চৌধুরী ও হাবিবুর রহমান। এ নিয়ে এ মামলার ৩০ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এস এম মুনির বলেন, রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য তিনিসহ আরও তিনজন সাতক্ষীরাতে এসেছেন। এ মামলায় আজ তিনজন সাক্ষী আদালতে সেদিন গাড়িবহরে হামলার ঘটনা উল্লেখ করে সাক্ষ্য দিয়েছেন। আগামী দুই মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এস এম মুনির আরও বলেন, মাহফুজা ধর্ষণের মামলাটি পুনর্জীবিত করতে এ মামলার নথিপত্র দেখা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে।