মানিকগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান মেয়র

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম এবার দলের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ার পরও গত সোমবার পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার  সিদ্ধান্তে অনড় ছিলেন। গতকাল ছিল নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

প্রসঙ্গত, গত নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম ১৩ হাজার ৪৪৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।