নড়াইলে আ.লীগ নেতা হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল প্রেস ক্লাবের সামনে চাঁচুড়ী ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে ন্যক্কারজনক এ হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসলাম মোল্যা, আহত চেয়ারম্যানের পুত্রবধূ মিলিয়া খানম, মেয়ে শাহানা স্বর্ণা প্রমুখ। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, লুৎফর রহমান গত ২৬ নভেম্বর সকালে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় অংশ নিতে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরে যাচ্ছিলেন। পথে কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওতপেতে থাকা ২৫-৩০ সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।