মুজিব শতবর্ষ

রাজশাহীতে নাট্যোৎসব’ শুরু

রাজশাহীতে তিনদিনব্যাপী ‘মুজিব শতবর্ষ নাট্যোৎসব’ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। একটি নৃত্যালেখ্যর মধ্য দিয়ে তিনদিনব্যাপী ওই আয়োজনের যাত্রা শুরু হয়। উৎসবের প্রথম দিন গতকাল বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত ‘বাতিঘর’ নাটকটি মঞ্চস্থ হয়।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘নাটক সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। কবিতা যদিও সাহিত্যের সবচেয়ে সর্বোৎকৃষ্ট একটি মাধ্যম। কিন্তু এর মাধ্যমে শুধু উচ্চশিক্ষিত মানুষকে জাগানো সম্ভব। তবে নাটকের মাধ্যমে সমাজের অসংগতিগুলো তুলে ধরে সব শ্রেণির মানুষকে সচেতন করা যায়।’

সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধুর জীবনাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘বাতিঘর’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আনোয়ারুল ইসলাম। উৎসবের দ্বিতীয় দিন বুধবার রয়েছে কামারুল্লাহ্ সরকার ও নিতাই কুমার সরকার রচিত রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক ‘পথিকৃৎ’। আর তৃতীয় দিনে পরিবেশিত হবে বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ও মামুন উর রশিদ নির্দেশিত রাজশাহী সাংস্কৃতিক সংঘ প্রযোজিত নাটক ‘একটি অবাস্তব গল্প’। কোনো দর্শনীর বিনিময় ছাড়াই সবার জন্য উন্মুক্ত করা হয়েছে উৎসবটি। প্রতিদিন সন্ধ্যা ৬টায় উৎসব শুরু হবে।