করোনার ঝড় বয়ে যাচ্ছে দেশের ফুটবলে! জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে সদ্য করোনা মুক্ত হয়েছেন ১৫ দিনের ধকল শেষে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও কয়েকজন কর্মকারীও আক্রান্ত। জানা গেছে বাফুফে ভবনের চার তলায় আবাসিক ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের ৪জনও কোভিড পজিটিভ হয়েছেন।
আক্রান্ত খেলোয়াড়রা হলেন- জাতীয় দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার জুনিয়র, আনাই মোগিনি ও রেহেনা আক্তার। তাদের সবাই বাফুফে ভবনেই আইসোলেশনে আছেন।
এক সপ্তাহ পেরিয়ে গেছে এই ফুটবলাররা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারও তাদের করোনা পরীক্ষা হয়েছে।
বাফুফে ক্যাম্পে এই মুহূর্তে ৩৫ জন খেলোয়াড় আছেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন অন্য মেয়েরা ঝুঁকিমুক্তই আছেন।
আক্রান্তদের নিয়ে তিনি বলেন, ‘ওদেরকে (করোনা আক্রান্ত) যথাযথভাবে আইসোলেশনে রাখা হয়েছে। ডাক্তারের নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে আছে তারা। উপসর্গ নেই বলেই ওদের হাসপাতালে পাঠানো হয়নি।’
ক্যাম্পে থাকা দুজন বাদে সবাই চলমান মেয়েদের লিগে খেলছেন। বসুন্ধরা কিংসে নাম লেখানো মেয়েরা ক্লাবের ক্যাম্পেই রয়েছেন। অন্যরা বাফুফের ক্যাম্পে থেকেই নিজ নিজ ক্লাবের হয়ে খেলছেন।