নামে মিল থাকায় বাবা-মায়ের নাম পরিবর্তন করে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সনদপত্র তুলে নিয়েছে এক জালিয়াতি চক্র।
এ ঘটনায় শিক্ষাবোর্ডের সাথে বারবার যোগাযোগ করেও সমাধান না হওয়ার বিপদে পড়েছেন আবু সুফিয়ান নামে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। যদিও সাংবাদিক পরিচয়ে শিক্ষাবোর্ডের সাথে যোগাযোগ করা হলে শিগগিরই এ সমস্যা সমাধান করা হবে বলে এই প্রতিবেদককে জানানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী আবু সুফিয়ান জানান, চলতি বছরের ১৪ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরির আবেদন করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
তিনি বলেন, চাকরির আবেদনে রেজিস্ট্রেশন নম্বর দেয়ার পর দেখা গেল সেখানে আমার (আবু সুফিয়ান) নাম নেই। একই সঙ্গে আমার বাবা-মায়ের নামও নাই। পরবর্তীতে বোর্ডে গেলে জালিয়াতির বিষয়টা পরিষ্কার হয়। বাবা-মায়ের নাম পরিবর্তন করে আমার রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে এসএসসি ও এইচএসসির নকল সার্টিফিকেট তুলে নেয়া হয়েছে।
দেশ রূপান্তরের অনুসন্ধানে দেখা যায় নামের পরিবর্তন হিসেবে ‘Abu Suphian’-এর পরিবর্তে ‘Abu Sufian’, বাবার নাম ‘Md Sonam Uddin’-এর পরিবর্তে ‘Md Sohidul Islam’, মায়ের নাম ‘Razia Begum’ এর পরিবর্তে Zinnatun Begum করা হয়েছে।
মূল ছাত্র আবু সুফিয়ান ঢাকা কলেজের ২০১০-১১ সেশনের পরিসংখ্যানের ছাত্র। তিনি ২০০৮ সালে মানিকগঞ্জ থেকে এসএসসি ও ২০১০ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের সদ্যবিদায়ী চেয়ারম্যান মু. জিয়াউল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে পারেননি। আজই (মঙ্গলবার) বোর্ডের নতুন চেয়ারম্যানের নেহাল আহমেদ দায়িত্ব নেয়ার কথা।
তবে বোর্ড সচিব অধ্যাপক তপন কুমার সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তি দেয়ারও আশ্বাস দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।