রাজধানীর সায়দাবাদে একটি খাবারের হোটেলে গ্যাস পাইপ মেরামতের সময় আগুনে আনিস মাহমুদ রাফি (২০) নামে এক হোটেল কর্মচারী দগ্ধ হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।
দগ্ধের সহকর্মী মো. শাহাদাত হোসেন জানান, তারা সায়দাবাদ ইসলামী হাসপাতালের সামনে বিসমিল্লাহ কাবাব অ্যান্ড রেস্তোরাঁ নামে খাবার হোটেলে রাঁধুনির কাজ করেন। সকালে তারা দুজনে রান্না করছিলেন। তখন গ্যাস সিলিন্ডারের পাইপে গ্যাস জ্যাম হয়ে যায়। মেরামতের জন্য রাফি গ্যাস পাইপটি খুললে পাইপে হঠাৎ আগুন জ্বলে উঠে।
সঙ্গে সঙ্গে তার মুখ, গলা, দুই হাত ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
রাফি গোলাপবাগ এলাকায় থাকে। তার বাবার নাম আ. কাদের বলে জানান সহকর্মীরা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাফির শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।