বাউল শিল্পী রিতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পালা গানে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।

রিতা দেওয়ান ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল। তাদের তিনজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে গত ২৯ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান গত ২ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই অভিযোগ দায়ের করলে বিচারক পিবিআইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তাকে নিয়ে ধৃষ্টতা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ইউটিউবে সেই পালা গানের ভিডিও ছড়িয়ে পড়ায় তা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

গানটি নিয়ে সমালোচনা হওয়ার প্রেক্ষাপটে গত ১ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্ষমা চেয়েছিলেন বাউল শিল্পী রিতা দেওয়ান।