অতি ডানপন্থী সন্ত্রাসবাদী সংগঠন স্টর্মব্রিগেড ৪৪-কে নিষিদ্ধ ঘোষণা করেছে জার্মানি। সদস্যদের বাড়িতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ডয়েচে ভেলে জানায়, দেশজুড়ে তল্লাশি চালানোর পর অতি দক্ষিণপন্থীসংগঠন স্টর্মব্রিগেড ৪৪-কে নিষিদ্ধ ঘোষণা করেছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই সংগঠনটি উলফসব্রিগেড ৪৪ বলেও পরিচিত। এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুমতি দেয়া হয়েছে।
এর ফলে প্রশাসন ওই সংগঠন ও তার সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে, আপত্তিকর নথিপত্র আটক করতে পারবে। মঙ্গলবার সকালে কয়েকটি রাজ্যে স্টর্মব্রিগেড ৪৪ এর ১৩ জন সদস্যর বাড়িতে তল্লাশি চালানো হয়।
সেহোফারের মুখপাত্র স্টিভ অল্টার টুইট করে বলেছেন, যারাই আমাদের উদার সমাজব্যবস্থার মূল্যবোধ নষ্ট করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
২০১৬ থেকে ওই অতি-দক্ষিণপন্থী গোষ্ঠী একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করেছে। ২০১৮ সালে একটি ট্রেন থেকে সংগঠনের নাম লেখা টি শার্ট ও অস্ত্র উদ্ধার করা হয়। গত বছর জুলাইতে ওই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালানো হয়।
গোষ্ঠীটির উদ্দেশ্য হলো, জার্মান নৈতিক মূল্যবোধ জোর করে প্রতিষ্ঠা করা এবং ফ্রি ফাদারল্যান্ড তৈরি করা। আর এই গোষ্ঠীর নামের সঙ্গে যে ৪৪ সংখ্যাটি আছে, তার ইতিহাসও নাৎসিদের সঙ্গে যুক্ত।