বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোন কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন। আর সুবিধাবাদী-দুনীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে।

সেতুমন্ত্রী বুধবার সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে, জাতি তা জানতে চায়?

তিনি বলেন, সরকারের কোনো ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরো দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিল।

তিনি বলেন, বিএনপি ভেবেছিলো মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে।

মন্ত্রী বলেন, এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপি’র এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।

বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে নাকি বন্দী করে রাখা হয়েছে -মির্জা ফখরুল সাহেবের এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটি গুরুত্ব অনেক বেশি। তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন জরুরি।

মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়কাংশ পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন।

তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল প্লাটফর্মে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।