বায়ো-বাবল নিয়ে সন্তুষ্ট উইন্ডিজ

জানুয়ারিতে উইন্ডিজের পূর্ণাঙ্গ সফরের জন্য করোনা পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি দেখতে এসেছিলেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই পরিদর্শক। খুশি মনেই ক্যারিবিয়ানে ফিরে যাচ্ছেন তারা। পাঁচ দিনের পরিদর্শন শেষে জানিয়েছেন, বিসিবির উদ্যোগে তাদের কোনো আপত্তি নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বায়ো-বাবলের হোটেল, বিকেএসপি এবং চট্টগ্রাম স্টেডিয়ামের ব্যবস্থা দেখে পরিদর্শক দলের আকশাই মানসিং জানালেন, ‘ঢাকা ও চট্টগ্রামে যা কিছু দেখলাম তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট। সুযোগ-সুবিধা অসাধারণ। কভিড প্রটোকল খুব গোছানো ও পোক্ত। জাতীয় ব্যবস্থা, যে দুটি হোটেল আমরা ঘুরেছি তার আতিথেয়তার সঙ্গে আন্তর্জাতিক সুবিধার কোনো ব্যবধান নেই।’ মেডিকেল দৃষ্টিকোণ থেকে মানসিং বললেন, ‘এখানে যেমন ভালো ব্যবস্থা দেখলাম তা দুনিয়ার (উন্নত) যেকোনো জায়গায় পাবেন।’ তিনি জানান, এখানে আসার আগে একবার কভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে আসতে হবে ক্যারিবীয়দের। ‘আসার পর আরও তিন দফায় পরীক্ষা হবে। প্রটোকল অনুযায়ী সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মধ্যে তিন দিন থাকতে হবে কক্ষেই। এরপর দ্বিতীয় দফা কভিড পরীক্ষায় নেগেটিভ হলে আমরা অনুশীলনের সুযোগ পাব, তবে সেটি কেবল নিজেদের মধ্যেই। সাত দিন না হওয়া পর্যন্ত বাইরের কারও সংস্পর্শে আসা যাবে না। সাত দিন পর আমরা বাংলাদেশের ছেলেদের সঙ্গেও নেট নেশন করতে পারব।’