মৃত স্বামীর রেখে যাওয়া লটারি নম্বর কোটিপতি করে দিল অস্ট্রেলিয়ার এক নারীকে। বছরের পর বছর ওই নম্বরই কেটে আসছিলেন তিনি। ২০ বছর পর এসে সাফল্য এসে ধরা দিল তাকে।
ফক্স নিউজ জানায়, ওই নারী দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের শহরতলি হ্যাপি ভ্যালির বাসিন্দা।
৩০ নভেম্বরের একটি সাপ্তাহিক লটারির টিকিট কাটেন তিনি। তিনি যখন লটারির দোকানে ফলাফল দেখতে যান তখন সেখানে তাকে বলা হয়, পুরস্কারের টাকা তাকে দেওয়া সম্ভব নয়।
ওই নারী তখন বুঝতে পারেননি, কেন তাকে টাকা দেওয়া হবে না। পরে তিনি সামনের অন্য এক দোকান থেকে খবরের কাগজ কেনেন। সেখানে তিনি দেখেন, কয়েক কোটি টাকা জিতে গিয়েছে তার কাটা লটারির নম্বর।
আসলে ওই টাকার পরিমাণটা এতটাই বেশি ছিল যে, স্থানীয় লটারির দোকান থেকে তা দেওয়া সম্ভব ছিল না। ওই লটারির টিকিটে লেগে যায় ৭ লাখ ৩৭ হাজার ৩০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ২২ লাখ টাকার মতো। ফলে এই বিশাল অঙ্কের টাকা ওই নারীকে ছোট দোকানটি থেকে দেওয়া সম্ভব ছিল না।
ওই নারী বলেন, আমার মৃত স্বামী এই নম্বরটি পছন্দ করেছিলেন। আমি জানি না, এই নম্বরটিই কেন তিনি বেছে নিয়েছিলেন। তবে আমরা এত বছর সেই নম্বরই কেটে গেছি। নিশ্চয় তিনি স্বর্গ থেকে আমাদের দেখে এখন খুব খুশি।
ভাগ্যবান এই প্রৌঢ়ার বিশ্বাস ছিল,এক দিন না এক দিন এই নম্বরে বড় অঙ্কের টাকা জিতবেন। শেষপর্যন্ত সেটিই ঘটল।
তিনি জানিয়েছেন, লটারির জেতা টাকায় বাড়ির চার দিকের বেড়াটি ভালো করে তৈরি করবেন। আর অবশিষ্ট টাকার বেশির ভাগটাই দুই ছেলে ও তাদের পরিবারের মধ্যে ভাগ করে দেবেন।