আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি। অথচ বিশ্বের মুসলিম দেশগুলোসহ প্রায় সবদেশেই ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, এর সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত। তারা বিভিন্ন সময় ছাত্র আন্দোলন, সামাজিক আন্দোলন ও ধর্মীয় আন্দোলনের কাঁধে ভর করে সরকার পতনের অপচেষ্টা চালাচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে কঠোর হাতে দমন করবে আওয়ামী লীগ। এ জন্য দল গোছানোর ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে যারা মনোনয়ন বাণিজ্য করেছে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে; তারা কখনো দলের নেতৃত্বে আসতে পারবে না। শিগগিরই লক্ষ্মীপুরসহ বিভিন্ন ইউনিটে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে তৃণমূলে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা হবে।’
এ সময় প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ভাস্কর্য নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আগে নিজেদের চরিত্র ঠিক করেন। বিভিন্ন মাদ্রাসায় যেভাবে শিশু বলাৎকার হচ্ছে, আগে সেটি বন্ধ করেন’।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।