লিওনেল মেসিকে ছাড়া দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেও সহজ জয় পেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে অধিনায়ককে ছাড়া কিয়েভে খেলতে গিয়ে ডায়নামোকে ৪-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার নিশ্চিত করেছিল কাতালানারা। বুধবার হাঙ্গেরির ফেরেঙ্কভারোসের মাঠে জয় পেল ৩-০ গোলে।
লা লিগা ভালো না চললেও চ্যাম্পিয়নস লিগে রীতিমতো উড়ছে দল। দলের পরিবর্তনটা কোচ রোনাল্ড কোম্যান লক্ষ করেছিলেন জুভেন্তাসের মাঠে ২-০ গোলের জয়ের ম্যাচে। জয়ের ব্যবধানের চেয়ে বড় ছিল শিষ্যদের আগ্রাসন। গোল মিসের মিছিলে যোগ না দিলে পাঁচ-ছয়টি গোল দেওয়াও অসম্ভব কিছু ছিল না। খেলোয়াড়রা যে এ আসরে ভালো কিছু করতে চায় তা সেদিনই টের পেয়েছিলেন এই ডাচ কোচ। বুধবারের ম্যাচের পর সে কথাই বলছিলেন, ‘আমি খুবই খুশি। মৌসুমের শুরুতেই খেলোয়াড়দের মধ্যে বড় পরিবর্তন লক্ষ করেছিলাম। বিশেষ করে জুভেন্তাসের মাঠে।’ পরিবর্তনটা কোথায় তাও ব্যাখ্যা করেছেন কোমান, ‘পরিবর্তনটা আসলে দলটি ম্যাচে অনেক কার্যকর হয়েছে। মৌসুমের শুরুর তুলনায় এখন বেশ বড় পরিবর্তন হয়েছে। আমাদের যে ক্ষুধা আছে, তা আমাদের প্রমাণ করতে হবে।’ এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের সব ম্যাচেই জয়ের লক্ষ্য এ কোচের, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পৌঁছানো। তবে ছয়টির মধ্যে ছয়টি ম্যাচ জিতলে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।’ উল্লেখ্য, সবশেষ ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছিল কাতালান দলটি। বুধবারের ম্যাচের ১৪ মিনিটে আলবার ক্রস থেকে গোল করেন আন্তোইন গ্রিজমান। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই বিশ্বকাপ জয়ী। তার ৬ মিনিট পর দেম্বেলের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কালোর্স ব্র্যাথওয়েট। ২৮ মিনিটে এই ব্র্যাথওয়েট বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় তাকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে গোল করেন দেম্বেলে। চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে পেনাল্টি পেল বার্সা। আগামী মঙ্গলবার জুভেন্তাসের বিপক্ষে নিজেদের মাঠে শেষ ম্যাচ বার্সার।
৮০০’র লক্ষ্য এবার
বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭৫০ গোলের মাইলফলক স্পর্শের রাতে ডায়নামো কিয়েভকে ৩-০ গোলে হারিয়েছে ইতালির জায়ান্ট। কিয়েভের মাঠে ফেদরিকো চিয়েসার গোলে ২১ মিনিটে এগিয়ে যায় জুভেন্তাস। ৩১ মিনিটে রোনালদোর প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। নিশানা খুঁজে পেতে আরও ২৭ মিনিট অপেক্ষায় থাকতে হয় পর্তুগিজ সুপারস্টারকে। ডান দিক থেকে চিয়েসার ক্রসে মোরাতা পা ছোঁয়াতে পারেননি। তার সামনে থাকা গোলরক্ষকও পারেননি বল ধরতে। অনায়াসে জাল খুঁজে নেন রোনালদো। ৬৬ মিনিটে চিয়েসার পাস থেকে গোল করেন মোরাতা।
চ্যাম্পিয়নস লিগ মঞ্চে ১৩২তম গোলটি পুরো ক্যারিয়ারে ৭৫০তম গোল রোনালদোর। প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্সটাগ্রামে, ‘৭৫০ গোল, ৭৫০টি খুশির মুহূর্ত, সমর্থকদের মুখে ৭৫০ হাসি। অবিশ্বাস্য এই মাইলফলক স্পর্শ করতে যে সব খেলোয়াড়, কোচ আমাকে সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সব অনুগত প্রতিপক্ষকে, যারা আমাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করায়। পরের ধাপ, ৮০০।’ ৭৫০ গোলের ৪৫০টি করেছেন রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, ৭৫টি জুভেন্তাসের, ৫টি স্পোর্টিং-এর হয়ে। আর পর্তুগালের হয়ে করেছেন ১০২টি গোল।