বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র নয়, শতভাগ ব্যক্তিতন্ত্রের ওপর দেশ চলছে। বিজয়ের মাসে আমাদের আহ্বান ব্যক্তিতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। গতকাল বৃহস্পতিবার বাউনিয়া বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পবিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকলে সেখানে আইনের শাসন থাকে না। এই অবস্থায় দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি নিজস্ব চিন্তাধারা ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে না পারে জনগণ কোনো সুফল পায় না। জনগণ নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হয়।’
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নয়, শতভাগ ব্যক্তিতন্ত্র চলছে। একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর পুরো দেশ আজকে চলছে।’
বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি জনগণের দল, সামর্থ্য অনুযায়ী দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ায়।’