ট্রাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর ও বিদেশে শাখা খোলার প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ শীর্ষক বিলটি পাসের প্রস্তাব করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।
কমিটি সূত্র জানায়, বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হলে ট্রাভেল এজেন্সিগুলো সরকারের অনুমোদন নিয়ে দেশে-বিদেশে শাখা অফিস খুলতে পারবে। বর্তমানে কোনো অপরাধের জন্য ট্রাভেল এজেন্সিকে জরিমানার সুযোগ নেই। কর্র্তৃপক্ষ তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করতে পারে। আইনটি সংশোধন হলে জরিমানার সুযোগ পাওয়া যাবে। ট্রাভেল এজেন্সিগুলো যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন করতে না পারলে; পরবর্তী ৬ মাসের মধ্যে জরিমানা দিয়ে আবেদন করতে পারবে।