বিদেশি রিভলবার ও গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ সোহাগ আলী (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে সোহাগের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দক্ষিণপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

সূত্র জানায়, অস্ত্রসহ গ্রেপ্তার সোহাগ সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আয়োজন কমিটির যুগ্ম-আহ্বায়ক।

র‌্যাব জানায়, সোহাগ অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয়ে জড়িত। অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি সেখ নাসীর উদ্দীন।