ইয়েমেনে বন্দিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশিরা ‘নিরাপদে’

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে প্রায় ৯ মাস ধরে বন্দি অবস্থায় দিন কাটানো সেই ৫ বাংলাদেশি এখন দূতাবাসের জিম্মায়। সামনের সপ্তাহে তাদের দেশে ফেরার কথা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওমান ও কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং জিবুতিতে ভারতীয় দূতাবাসের সহায়তায় এই নাবিকদের ইতিমধ্যে সানা থেকে এডেনে আনা হয়েছে। পরে সেখান থেকে ভারতের রাজধানী দিল্লি হয়ে কয়েক দিনের মধ্যে ঢাকায় আনা হবে।

সানায় সেই ফেব্রুয়ারিতে ২০ নাবিককে আটক করে হুতিরা। তিনটি জাহাজে ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে তাদের বন্দি করা হয়।

গৃহযুদ্ধ পর্যুদস্ত ইয়েমেনের রাজধানী সানা হুতিদের দখলে। বিভিন্ন সময়ে এভাবে বিদেশি নাগরিকদের আটক করে মুক্তিপণ আদায় করে তারা।

বাংলাদেশিসহ এই বন্দিদের পাঁচতলা হোটেলের চারটি রুমে রাখা হয়। তাদের মধ্যে একজন হোয়াটসঅ্যাপে বলেন, ‘আমরা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাচ্ছিলাম। কনস্ট্রাকশন কাজের জন্য। যাত্রাপথে খবর পাই লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে।’

‘সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ইয়েমেন কোস্টে ফেব্রুয়ারির শুরুর দিকে নোঙর করি। হঠাৎ কয়েক জন কোস্টগার্ড পরিচয় দিয়ে আমাদের সানায় নিয়ে যায়। পরে জানতে পারি তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় প্রবেশের দায়ে তারা আমাদের গ্রেপ্তারের কথা জানায়।’