পুতুলের পেটে করে বিরল প্রজাতির সরীসৃপ পাচার

জার্মানির বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা ২৬টি বিরল প্রজাতির সরীসৃপ উদ্ধার করেছে। মেক্সিকো থেকে খেলনার পুতুল ও মিষ্টি খাবারের প্যাকেটের মধ্যে লুকিয়ে এগুলো জার্মানিতে পাচার করা হচ্ছিল। এর মধ্যে ১০টি সরীসৃপ মৃত পাওয়া গেছে।

বিবিসি জানায়, মৃত প্রাণীগুলোর বেশিরভাগ দমবন্ধ হয়ে মরে গেছে। তাদের কাপড়ের পুতুলের পেটের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দেয়া হয়েছিল। কোলোন বন বিমানবন্দরের শুল্ক বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপন্ন প্রজাতির শিংওয়ালা টিকটিকি, অ্যালিগেটর এবং এক বিশেষ প্রজাতির কচ্ছপ জার্মাানিতে চোরাই পথে চালান দেয়া হচ্ছিল একজন বেসরকারি খদ্দেরের জন্য।

জার্মান কর্মকর্তারা এখন ডিএনএ নমুনা ব্যবহার করে এই সরীসৃপগুলো কোথা থেকে এসেছে তার খোঁজ করার চেষ্টা করছে।

দুটি পার্সেলে করে এই চালান পাঠানো হয়েছে, যার একটি ৩০ অক্টোবর এবং অন্যটি ৮ নভেম্বর বিমানবন্দরে জব্দ করা হয়।

জার্মানির শুল্ক বিভাগ মেক্সিকোর কর্তৃপক্ষ এবং জার্মানির বন শহরের আলেকজান্ডারে কোয়েনিগ গবেষণা যাদুঘরের জীববিজ্ঞানীদের সাথে একযোগে কাজ করছে। পুলিশ চোরাচালানকারীদের ধরতে পারলে তাদের জরিমানা করা হবে।

যে ১৬টি প্রজাতির সরীসৃপ বেঁচে রয়েছে তাদের মেক্সিকোর অরণ্যে তাদের নিজস্ব বাসস্থানে ফিরিয়ে দেয়া হতে পারে।