পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার চারাবাগ এলাকার এলাইনস অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
শ্রমিকরা জানান, পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা থেকে ৪২৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এছাড়াও তাদের কোনো আইনানুগ পাওনাও দেয়নি কারখানা কর্র্তৃপক্ষ। বকেয়া বেতন বা আইনানুগ পাওনাদি চাইতে গেলে কর্র্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে তাদের হুমকিধমকি দেয়। বাধ্য হয়ে তারা বকেয়া বেতন ও আইনানুগ পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।
এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানার সভাপতি ফরিদুল ইসলাম বলেন, এলাইনস অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্র্তৃপক্ষ বেআইনিভাবে ৪২৫ শ্রমিককে চাকরিচ্যুত করেছে। তাদের পাঁচ মাসের বকেয়া বেতন ও আইনানুগ কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বকেয়া বেতন, ভাতা ও ক্ষতিপূরণ দিতে তিনি মালিক, সরকার ও বিজিএমইসহ সবার প্রতি জোর দাবি জানান।