ক্যামেরায় ধরা পড়ল পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড

ব্রিটিশ বিমান বাহিনীর (আরএএফ) এক অনুসন্ধানে দেখা গেল পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল। দক্ষিণ আটলান্টিকে প্রবাহিত হচ্ছিল বরফখণ্ডটি।

বিবিসি জানায়, এ৪০০এম এয়ারবাসটি নিচ দিয়ে উড়ে ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার খণ্ডটি পর্যবেক্ষণ করে। এটি এ৬৮এ নামে পরিচিত। বরফ গলার হার কেমন তা দেখে আরএএফ।

একাধিক ছবিতে দেখা যায়, বরফখণ্ডটিতে অনেকগুলো ভাঙা ও ফাটল। ভাঙা অংশ দেখে মনে হচ্ছে পানির স্তরে ছোট ছোট টানেল সৃষ্টি হয়েছে।

অ্যান্টার্কটিক বার্গটির বর্তমান অবস্থান দক্ষিণ জর্জিয়ার ব্রিটিশ সমুদ্রসীমায়, দ্বীপটি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে।

তবে দ্বীপের কাছাকাছি হওয়ায় উপকূলের অল্প পানির মধ্যে বরফখণ্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা দেখছেন পর্যবেক্ষকেরা।

স্কোয়াড্রন লিডার মিখাইল উইলকিনসন জানান, বরফখণ্ডটির একেবারে কাছে এবং আবহাওয়ায় গিয়ে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে আরও পর্যববেক্ষণ চালানো হবে। এতে আরও বেশি তথ্য পাওয়া যাবে।

এর মধ্যে নতুন তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে আসন্ন সপ্তাহ এবং মাসগুলোতে বরফখণ্ডটি কীভাবে আচরণ করতে পারে তা বিশ্লেষণ করা হবে।

২০১৭ সালের জুলাইয়ে অ্যান্টার্কটিকের বরফের তাক ভেঙে হিমশৈলতে পরিণত হয় এ৬৮এ। সেসময় এটির আয়তন ছিল ৬ হাজার বর্গ কিলোমিটারের মতো, যা যুক্তরাজ্যের ওয়েলসের চার ভাগের এক ভাগের সমান। এখন এটি ইংলিশ কাউন্টি সমারসেটের সমান আয়তনে পরিণত হয়েছে।