রূপগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

শনিবার দুপুরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মাঝিপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার বিকেলে চনপাড়া এলাকা থেকে স্ত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে।

নিহত মোহাম্মদ শরীফ হোসেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফরিদ হোসেনের ছেলে।

নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, চলতি বছরের জানুয়ারি মাসে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফরিদ হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চনপাড়া মাঝিপাড়া এলাকার সুফি বেগমের সঙ্গে বিয়ে হয়।

বিয়ের পর মোহাম্মদ শরীফ তার স্ত্রীর অসামাজিক কার্যকলাপের ব্যাপারে জানতে পেরে স্ত্রীকে শাসায়। এরপরও ক্ষান্ত হয়নি সুফি বেগম।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। চলতি বছরের নভেম্বর মাসের ২৪ তারিখে শরীফ হোসেন তার শ্বশুরবাড়ি চনপাড়া মাঝিপাড়ায় বেড়াতে যায়। সেখানেও স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দফায় ঝগড়া-বিবাদ হয়েছে বলে জানা গেছে। 

আরিফ হোসেন তার চাচাতো বোন ফারজানার বরাত দিয়ে বলেন, শুক্রবার গভীর রাতে সুফি বেগম তাকে ফোন দিয়ে বলেছে, তোর ভাইকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়া যা।

পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। গলায় ও গালে ক্ষত চিহ্ন রয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে আরিফ হোসেন বলেন, স্ত্রী সুফিয়া বেগম, তার আগের সংসারের মেয়ে সোনিয়া বেগম, সোনিয়ার স্বামী হাসান মিয়া ও আরেক মেয়ে আঁখি বেগম এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।