প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সফলতার সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করেছেন বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শনিবার সন্ধ্যায় জেলার সাটুরিয়া উপজেলার সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা পৃথিবীর সবচেয়ে কম। শীত আসলেই বিভিন্ন অসুখ বিশুখ শুরু হয়। এই শীত আসার পর থেকে বাংলাদেশেও করোনায় আক্রান্তর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই শীতে সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, এই করোনা মহামারি মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। বাংলাদেশের মানুষ কাজ করতে পারছে। ইউরোপে আবার লকডাউন দিয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারায় প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। আর শেখ হাসিনার পরামর্শেই সম্ভব হওয়াতে বিশ্ববাসীও অবাক হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইউরোপ, আমেরিকা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলো করোনায় বিপর্যস্ত। হাজার হাজার, লাখো মানুষ মৃত্যুবরণ করেছে। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাদের অর্থনীতি এখন বন্ধ হওয়ার উপক্রম। সেখানে আমরা অনেক ভালো আছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বেড়ে গেলে হাসপাতালে জায়গা থাকে না। চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে না। পরীক্ষা করার ব্যবস্থা থাকে না। হাসপাতালের বাইরে তাবুর নিচে থাকতে হয়। অনেকেই তাবুতে মৃত্যুবরণ করে। এই দৃশ্য আমরা ইউরোপ-আমেরিকাতে দেখেছি। সেখানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীনসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্করা সাহা, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, অফিসার ইনচার্জ আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সকল ইউপি চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।