নিউজিল্যান্ডের ৫১৯ রানের জবাবে হ্যামিল্টন টেস্টে একদিনেই দুই ইনিংস গুটিয়ে গিয়েছিল প্রায় উইন্ডিজের। ১৩৮ রানে গুটিয়ে ফলোঅনে পড়া উইন্ডিজ দ্বিতীয় ইনিংসেও পড়ে বিপর্যয়ে। ৮৯ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে জারমেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফের দৃঢ়তায় ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা। ইনিংস হার এড়াতে আরও ১৮৯ রান করার ছিল তাদের। (আজ ভোর ৪টায় চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে)।
ঘাসে ভরা উইকেটের ফায়দা ক্যারিবীয় পেসাররা তুলতে না পারলেও ঝাঁজ ছিল টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনারদের। গতকাল বিনা উইকেটে ৪৯ রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়দের ওপেনার জন ক্যাম্পবেলের ২৬ রানই প্রথম ইনিংসের সর্বোচ্চ। অধিনায়ক হোল্ডার ২৫, ব্ল্যাকউড ২৩ রান আর রোস্টন চেজ করেন ১১। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি। সাউদি ২৫ রানে নেন ৪ উইকেট। জেমিসন, ওয়াগনাররা নেন ২টি করে উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অতিথিরা। ৫৩ রানে পড়ে যায় পঞ্চম, নিষ্প্রভ হোল্ডারের বিদায়ে ৮৯ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। চরম বিব্রতকর পরিস্থিতি থেকে এরপর দলকে উদ্ধারে নামেন ব্ল্যাকউড-জোসেফ। ২০.৩ ওভারে দুজনের অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি এই টেস্টে উইন্ডিজের একমাত্র সাফল্য। ব্ল্যাকউড ৯৮ বলে ৮০ আর জোসেফ ৭৩ বলে ৫৯ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৬ বছরব্যাপী ৩২ টেস্টের ক্যারিয়ারে একটি সেঞ্চুরি হাঁকানো ব্ল্যাকউড গত জুলাইয়ে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে ৯৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।