যুক্তরাষ্ট্রে আবাস গড়তে নিউজিল্যান্ড ত্যাগ

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়ানডের সাবেক দ্রুততম সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ড ক্রিকেট দল থেকে অবসর নিয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ২০১৪ সালে উইন্ডিজের বিপক্ষে কুইন্সটাউনে মাত্র ৩৬ বলে ওয়ানডেতে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছিলেন কোরি অ্যান্ডারসন। ভেঙেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদির করা ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড। পরে অবশ্য এবি ডি ভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নেন।

বারবার চোটে পড়া শরীরটা আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নিতে পারছে না বলেই নিউজিল্যান্ড দল থেকে অবসরের সিদ্ধান্ত। পেস বোলিং এই অলরাউন্ডার নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ৩১টি টি-২০ ম্যাচ। সব মিলিয়ে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরিতে করেছেন ২২৭৭ রান, উইকেট নিয়েছেন ৯০টি। তবে গেল দুই বছরে কোনো সংস্করণেই নিউজিল্যান্ড দলে জায়গা পাননি। কিউইদের হয়ে সবশেষ একটি টি-২০ ম্যাচ খেলেছেন ২০১৮ সালের নভেম্বরে। সিদ্ধান্তের ঘোষণায় বলেছেন, ‘নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য ছিল বিশাল সম্মানের ব্যাপার। আরও ক্রিকেট খেলে আরও কিছু অর্জন করতে পারলে ভালো লাগত। কিন্তু কখনো কখনো এমন মুহূর্ত আসে যা আপনাকে ভিন্ন পরিস্থিতিতে ঠেলে দেয়।’ তার আমেরিকা যাওয়ার আরও একটি কারণ আছে। কোরির বাগদত্তা আমেরিকা প্রবাসী।