‘কহে ফেসবুক’ মঞ্চস্থ

রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘কহে ফেসবুক’। মামুনুর রশীদ এ নাটকের রচয়িতা, নির্দেশনাও দিয়েছেন তিনি। আরণ্যক নাট্যদলের সদস্য অপু মেহেদী দেশ রূপান্তরকে জানান, এদিন নাটকটির চতুর্থ মঞ্চায়ন হয়েছে।

নাটক প্রসঙ্গে আরণ্যক থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভরতার এই যুগে মানুষের আঁতুড়ঘর থেকে কবরস্থান পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ফেইসবুক একটি জনপ্রিয় মাধ্যম। এই দৃশ্যমান জগতের অন্তরালে ফেইসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ানির্ভর করপোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুষ উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো ‘স্পর্শ’। মানুষের চিরদিনের চাওয়া তো একটাই ছোঁয়া, স্পর্শ। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্প ‘কহে ফেসবুক’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, আপেল, পারভেজ, সিলভিয়া, কাঁকন, শ্যারন, জাহিদ, সাজু, প্রিন্স, রুহুল, তাজু, রণধীর, তাসমী, সাঈদ, রুবলী, সিনথিয়া, শাহরান, আবদুল মালেক, আল আমিন, দীপা, সুরভী, জিয়াদ, মুন্না, ইমরান, পারভেজ, সাইফুল্লাহ, রাব্বী প্রমুখ।

নাটকটির সহকারী নির্দেশক ইশতিয়াক হোসেন ও অপু মেহেদী। আলোক পরিকল্পনায় ঠা-ু রায়হান, আলোক সহকারী বাপ্পা রায়, সেট পরিকল্পনায় শাহীনুর রহমান, সেট সহকারী তাজউদ্দীন তাজু, সেট নির্মাণ সহযোগী শফিকুল ইসলাম ইমরান, বিজয় খাঁন হাসু, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, পোশাক পরিকল্পনা সহকারী প্রিন্স জন ও সাবিকুন্নাহার কাঁকন, সংগীত পরিকল্পনায় পরিমল মজুমদার, এ বি এস জেম, সংগীত সহকারী মরু ভাস্কর, দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনায় তাজউদ্দীন তাজু, মেকআপ ডিজাইন মোহাম্মদ আলী বাবুল, মঞ্চ ব্যবস্থাপক তাজউদ্দীন তাজু।