নদী রক্ষায় বিক্ষোভ-মানববন্ধন

সাভারে দখল-দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সাভারে নদী রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড, বঙ্গবন্ধু চত্বর ও বংশী নদীর তীরবর্তী এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন থেকে সাভার বাজারের বংশী নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মসূচির অংশ হিসেবে একটি র‌্যালি মহাসড়ক প্রদক্ষিণ করে শাখা সড়ক হয়ে বংশী নদীর তীরে গিয়ে শেষ হয়। এরপর ট্রলারে উঠে ‘নৌকা মানববন্ধন’ কর্মসূচি পালন করেন উপস্থিত সবাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিভিন্ন প্রভাবশালী মহল সাভারের ঐহিত্যবাহী বংশী নদীর তীর দখল করে দোকানপাট ও ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এতে করে নদীসহ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। এ সব দখলদারকে সামাজিকভাবে প্রতিহত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি ড. রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘সাভার বাজারের তীর দিয়ে সব জায়গা দখল করে বাণিজিক কাজে ব্যবহার হচ্ছে।

বংশী নদীর পূর্ব পারের তীরবর্তী এলাকাগুলো অলমোস্ট সবটাই দখলে। ধলেশ্বরী নদীর ব্রিজ থেকে বংশী নদীর নয়ারহাট ব্রিজ পর্যন্ত বাজারের কাছে তীরবর্তী এলাকাগুলো পুরোপুরি দখলে। এ ছাড়া ইপিজেড এলাকার কারখানাগুলো ইটিপি ব্যবহার না করে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করছে।’