আত্মীয়ের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে মাধব দেবনাথ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন আগে খুন করে লাশটি খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

গতকাল শনিবার ভোররাতে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার আফিমের গলির একটি ভবন থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

মাধব নগরীর হাজারীগলির একটি স্বর্ণালঙ্কার তৈরির কারখানার কর্মচারী। তিনি নগরীর লালদীঘির পাড় এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকতেন।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, যে বাসা থেকে মাধবের লাশ উদ্ধার করা হয়েছে সেটি তার মামাতো ভাই পিন্টু দেবনাথের। লাশের দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল। ওই বাসায় পিন্টুর বাবা-মা, স্ত্রী এবং তার আরও দুই ভাই থাকেন। লাশ উদ্ধারের পর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের আটক করেছে।