নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইরানে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এ ভাইরাস সংক্রমিত হয়েছে ১০ লাখ ৪০ হাজার মানুষের মধ্যে।
ওয়ার্ল্ডোমিটার ইনফোর পরিসংখ্যান থেকে জানা যায়, বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত ইরানে ৫০ হাজার ৩১০ জন মানুষ মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয় ৩২১ জন। একই সময় নতুন আক্রান্ত হন ১২ হাজার ১৫১ জন।
শুরুর দিকে করোনা পরিস্থিতিতে নাকাল হয়ে পড়েছিল ইরান। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও মোকাবিলা করতে হচ্ছিল দেশটিকে।
করোনাভাইরাসকে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের ষড়যন্ত্র আখ্যা দিয়েছিল দেশটির নেতারা। কিন্তু ভাইরাসটির সংক্রমণে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় ইরান। ভেঙে পড়ে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা।
সেসময় আক্রান্ত হয়েছিল ইরানি পার্লামেন্টের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। মারা যান দেশটির সর্বোচ্চ নেতা ইমাম আলী খামেনির একজন উপদেষ্টাও। মধ্যপ্রাচ্য জুড়ে এ মহামারি ছড়িয়ে পড়ার পেছনেও দায়ী করা হয় দেশটিকে।
মাঝখানে সংক্রমণ কিছুটা কমে এলেও করোনার দ্বিতীয় ধাক্কা সইতে হচ্ছে ইরানকে।