জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকার কমলাপুর স্টেশনে যাত্রীদের চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রবিবার কমলাপুর স্টেশন পরিদর্শনকালে তিনি একতা ট্রেনের যাত্রীদের এই ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপস্থিত সাংবাদিকদের রেলপথ মন্ত্রী বলেন, সেবা সপ্তাহ পালনের মাধ্যমে যাত্রীদের সেবা আরো বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর সেবা সপ্তাহ উপলক্ষে নানা কার্যক্রম গ্রহণ করেছে রেলওয়ে। এর অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
নির্ধারিত উদ্বোধনী স্টেশন (ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর, লালমনিরহাট) থেকে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্তরা টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব জায়গায় ডাবল লাইন না হওয়া পর্যন্ত রেলের সূচি বিপর্যয় থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, রেলওয়ের মূল উন্নয়ন শুরু হয়েছে ২০১১ সালে। বর্তমান প্রধানমন্ত্রী রেলখাতের উন্নয়নে আন্তরিক হওয়ায় এখন নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এবং রেলকে আধুনিক ও উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামানসহ বিভাগীয় রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।