নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন মার্কিন অভিনেত্রী কাইল ইগান রিচার্ডস। তার মেয়ে সোফিয়াও করোনা পজিটিভ।
নিউইয়র্ক পোস্ট জানায়, রবিবার ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন রিচার্ডস নিজেই।
স্বামী মৌরিসিও উমান্সকি এবং চার মেয়ে নিয়ে একটি ছবি পোস্ট করেন রিচার্ডস। সবার গায়ে ছিল লাল পোশাক। সেই পোস্টের ক্যাপশনে নিজের এবং ২০ বছর বয়সী মেয়ে সোফিয়া উমান্সকির করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন তিনি।
৫১ বছর বয়সী হলিউড তারকা বলেন, ‘টেস্ট করার পর থেকে আমি পরিবার থেকে আলাদা করে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত সোফিয়ারও করোনা শনাক্ত হয়েছে।’
রিচার্ডস আরও বলেন, ‘পরিবার এবং অন্যদের সুরক্ষায় আমরা দুজনেই আইসোলেশনে থাকছি।’
আলোচিত টিভি রিয়্যালিটি শো ‘দ্য রিয়েল হাউসওয়াইফস অব বেভারলি হিলসের’ অন্যতম অভিনেত্রী রিচার্ডস। বেভারলি হিলসের নারী তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন উঠে এসেছে এ সিরিজে। বর্তমানে এর দশম সিজন সম্প্রচার হচ্ছে।
গত সপ্তাহে খবরে প্রকাশ পায়, ওই সিরিজের অভিনেত্রী ডরিট কেমসলি এবং ক্যাথি হিলটনও করোনায় আক্রান্ত হন। তারা দুইজনেই রিচার্ডসের বড় বোন।