সিলেটে ১৪ রোহিঙ্গা আটক

সিলেটে ১৪ রোহিঙ্গাসহ ১৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক রোহিঙ্গাদের মধ্যে ৩ নারী, ৭ শিশু-কিশোর রয়েছেন।

রবিবার সকালে তাদের সিলেটের দক্ষিণ সুরমার হ‌ুমায়ূন রশীদ চত্বর থেকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়ার আবদুল হামিদের ছেলে মো. সাদেক (২২), সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা গ্রামের রিয়াজ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৩) এবং রোহিঙ্গা নাগরিক আবদুর রহমান (২৯), মো. সিরাজ (২০), সৈয়দ নূর (১৬), জুবায়ের আহমদ সৈয়দ (২০), জহুরা বেগম (৩০), মো. ইদ্রিস (১২), মো. জুনাইদ (১০), মো. ইউনুস (৮), মো. মুস্তফা (৪), নূর আয়েশা বেগম (৩৫), মফিজুর রহমান (১১), সৈয়দুর রহমান (৯), আজিজুর রহমান (৪) ও খুশনামা বেগম (১৮)।

র‌্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২ পাচারকারীর মাধ্যমে রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। আটক রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এবং ২ পাচারকারীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে।