বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খন্দকার আতিকুল ইসলামকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশপত্রে বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে খামার প্রধান খন্দকার আতিকুল ইসলামকে অব্যাহতির তথ্য জানানো হয়। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত খামার ব্যবস্থাপনা শাখার উপ-প্রধান সামসুল হককে খামার প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হয়।
কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকদের হাতে আসা এক অভিযোগপত্রে গবেষণা খামারের বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ ক্রয়-বিক্রয়ে অনিয়ম, অফিসের কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার, শ্রমিকের বাজেটে নয়ছয়, লকডাউনের মধ্যেই শ্রমিক খাটানোর মিথ্যা ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ, খামারের ফসল সংরক্ষণ না করে বিক্রি করাসহ বিভিন্ন দুর্নীতির চিত্র উঠে আসে।
এসব অভিযোগের ব্যাপারে তার সাথে সাংবাদিকেরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি প্রথমে অনাগ্রহ পরে সময় দিয়েও দেখা করেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এসব অভিযোগের সত্যতা স্বীকার না করলেও শেকৃবির রেজিস্ট্রার রেজাউল করিম জানান, খামারের সুবিধার্থেই এটি করা হয়েছে।