নিজের স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত নন তামিম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের স্ট্রাইক রেট নিয়ে খুব একটা চিন্তিত নন তামিম ইকবাল। তার মতে দলের জয় পাওয়াটাই মুখ্য। অবশ্য তার দল যে খুব ভালো অবস্থানে আছে তা নয়। তবে তামিম বিশ্বাস রাখছেন ঘুরে দাঁড়ানোর।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এ পর্যন্ত ২১১ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহকারী তামিম ইকবাল। তবে তার স্ট্রাইক রেট ১১৬.৮৭। যেটি এই ফরম্যাটে কোনোভাবেই ভালো বলা যাবে না।

তবে তামিম ইকবাল বলেন, ‘পরিস্থিতি যদি তেমনই হয়, তাহলে ৩০ বলে ৩০ রান করার মধ্যে আমি খারাপ কিছু দেখছি না। আমরা যখন ১৫০ রানকে টার্গেট করব এবং তিনটি উইকেট যদি পড়ে যায়, তাহলে ২০ বলে ৩০-৪০ রান তোলা কঠিন হয়ে পড়ে। গত ম্যাচের কথাই ধরুন। আমি ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করছিলাম। কিন্তু ফের ৩২ রানে আউট হয়ে যাই। আর আমি যদি কিছুটা রক্ষণশীল হতাম তাহলে ইনিংস বড় করা সম্ভব ছিল। এমন অবস্থায় ম্যাচও জয় করা সম্ভব হতো।’

তিনি আরো বলেন, ‘স্ট্রাইক রেট যাই হোক না কেন, মানুষের সমালোচনা থাকবে। তাই সেটি নিয়ে কোন সমস্যা দেখি না। দিন শেষে আমি যদি ৪০ বলে ৪০ রান তুলেই ম্যাচ জয় করতে পারি তাহলেই ভাল। আর ১৫ বলে ৪০ তুলে যদি হেরে যাই, তাহলে সেটি ভাল ইনিংস নয়।’

তামিমের দল ফরচুন বরিশাল টেবিলের তলানিতে। ৫ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। পাঁচ দলের আসরে চারটি দল প্লে-অফ খেলবে। অর্থাৎ তামিমের দল সবচেয়ে খারাপ দল হওয়ার তালিকায়।

তবে তামিম বললেন, ‘হ্যাঁ, ডেফিনিটলি। আমাদের সিচুয়েশন ভালো না কোনদিক দিয়ে। আমাদের জিততেও হবে, প্লাস অন্য খেলার রেজাল্টও আমাদের পক্ষে যেতে হবে। আমরা যদি পরের তিনটা ম্যাচই ভালো করতে পারি, তাহলে আমাদের অবশ্যই ভালো চান্স থাকবে কোয়ালিফাই করার।’

‘এটাই আশা করব নেক্সট তিন ম্যাচ আমাদের ভালো যাবে। আর প্রথম ৪-৫ ম্যাচের ভুলগুলো মিনিমাইজ করে রেজাল্ট আমাদের পক্ষে আসবে।’