নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১৩৪ রানে হ্যামিল্টন টেস্ট হারার পর সতীর্থ ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করেছেন অধিনায়ক জেসন হোল্ডার। বলেছেন, কথা না বলে কিছু করে দেখানো উচিত, ‘আমরা খুব কথা বলি, খুব প্রতিশ্রুতি দিই। এখন আমাদের সবার উচিত আয়নার সামনে দাঁড়ানো এবং নিজেদের বোঝানো যে আমাদের আরও কঠিন লড়াই করতে হবে।’
নিউজিল্যান্ডের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারে ক্ষুব্ধ অধিনায়ক সংবাদ সম্মেলেন কথাগুলো বলেছেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের ক্যারিয়ার-সেরা ২৫১ রানে ৭ উইকেটে ৫১৯ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে ১৩৮ ও ২৪৭ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজ ব্যাটসম্যানদের সংগ্রহ ৩৮৫ রান। দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে জার্মেইন ব্ল্যাকউড ও পেসার আলজেরি জোসেফ যা একটু প্রতিরোধ গড়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ব্ল্যাকউড করেন ১০৪। আর জোসেফ করেন ৮৬। দুজনের ১৫৬ রানের জুটি বাদ দিলে বাকি ৯ জন ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৯১। তাদের কেউই ৩০ এর ওপর রান করতে পারেননি। সংবাদ সম্মেলনে তাই রাখ-ঢাক না করেই হোল্ডার বলেছেন, ‘আমরা খুব সহজেই সব করে যাচ্ছি। যেন কিছুই না। আমরা বোর্ডের কাছ থেকে খুব সহযোগিতা পাচ্ছি। সেখানে কোনো অভাব নেই। এখন বাকিটা আমাদের কাজ। এখন আমাদের পারফরম করতে হবে, পরিস্থিতি বদলাতে হবে। ব্ল্যাকউড ও জোসেফকে ধন্যবাদ যে ওরা সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু সত্যি বলতে আমাদের টপঅর্ডাররা একদমই ব্যর্থ। তাদের এগিয়ে আসতেই হবে।’
ওয়েলিংটনে ১১ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। ওই টেস্টে হ্যামিল্টনের দুজনকে ছাড়া খেলবে উইন্ডিজ। পিতৃবিয়োগের কারণে দেশে ফিরে যাবেন কেমার রোচ আর ইনজুরির কারণে থাকবেন না শেন ডওরিচ। কিন্তু বাকিদের নিয়ে প্রস্তুতি অনুযায়ী খেলতে চান হোল্ডার। জানালেন সিরিজ শুরুর আগে তাদের প্রস্তুতি খুব ভালো হয়েছিল। কিন্তু টেস্টে তা বজায় রাখতে ব্যর্থ হন, ‘সত্যি বলতে আমরা নিজেদের সেরাটা পাচ্ছি না। নিজেরাই বিরক্ত। কিন্তু আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। তাই পরিবেশ নিয়ে কোনো অজুহাত দেওয়ার নেই। সব ব্যর্থতা আমাদের। এই টেস্টে আমরা দেখলাম নিউজিল্যান্ড বোলাররা বিশ্বের যে কোনো দলের চেয়ে আলাদা। ওরা জুটি গড়তেই দেয় না। দ্বিতীয় টেস্টে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওরা উইকেটে স্থায়ী হওয়ার সুযোগ দেয় না। কিন্তু আমরা সবাই জানি টেস্টে যত বেশি সময় নেব ততই ভালো। দ্বিতীয় টেস্টে আমাদের এ ব্যাপারে সতর্ক হতে হবে।’