পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

‘করোনাকালে অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’এ স্লোগানে সারা দেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০। গতকাল রবিবার রাজধানীর মিরপুরে মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, নিপোর্টের মহাপরিচালক সুশান্ত কুমার সাহা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার-পরিকল্পনা অধিদপ্তর ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেবা সপ্তাহ সফল করতে দেশব্যাপী অ্যাডভোকেসি সভা, প্রেস ব্রিফিং, সেবাকেন্দ্র হতে বিশেষ সেবা প্রদানসহ বিনামূল্যে ৩০-৩২ রকমের ওষুধ প্রদান, অডিও ভিজ্যুয়াল চলচ্চিত্র প্রদর্শনী, টিভি চ্যানেলে স্ক্রলিংয়ের মাধ্যমে বার্তা প্রচার, ইলেকট্রনিক মিডিয়ায় ডকুমেন্টারি প্রচার ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।