বাবুনগরী-মামুনুল-ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পৃথক দুটি মামলার আবেদন করেন।

মামলা গ্রহণসংক্রান্ত বিষয়ে বিচারক দুপুরে আদেশ দেবেন বলে জানা গেছে।

প্রথম মামলার আরজিতে বাবুনগরী, মামুনুল হক এবং ফয়জুল করিমকে আসামি করা হয়েছে। অন্য মামলার আবেদনে আসামি করা হয়েছে কেবল মামুনুল হককে।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম প্রথম মামলাটির আবেদন করেন। দ্বিতীয় আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক।

পৃথক তিনটি অনুষ্ঠানে বাবুনগরী, মামুনুল হক এবং ফয়জুল করিম বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

এরই মধ্যে শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়।

এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. জিশান মাহমুদ রবিবার বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।