করোনার ঘায়ে পৃথিবীর থমকে নেই। নানা বিধিনিষেধ বা কড়াকড়ির মধ্যে ঠিকই মানুষের জীবন চলছে আগের মতোই। ফলে বিয়ের মতো অনুষ্ঠানেও নেই জাঁকজমকের কমতি। এর মধ্যে এল অন্যরকম এক বিয়ের খবর।
পাত্রের গায়ে শেরওয়ানি ও পাত্রীর গায়ে বিয়ের শাড়ির বদলে ছিল পিপিই। রবিবার ভারতে রাজস্থানের এক জুটি এভাবেই বিয়ে সারলেন।
দেশটির সংবাদমাধ্যম এএনআই নিজস্ব টুইটার অ্যাকাউন্টে ভিডিওসহ এ বিয়ের খবর দিয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
শুধু বর-কনেই নয়, বিয়ের আসরে পিপিই পরে অংশ নেন দুই পুরোহিতও। কোনও বিয়েবাড়ি বা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়নি। সংক্ষিপ্তভাবে করোনা সেন্টারেই বিয়ের আসর সম্পন্ন হয়।
জানা যায়, শাহবাদের বড়ার কভিড সেন্টারে এই বিয়ের আসর বসে। আর দম্পতি বিয়ের আগে করোনা পরীক্ষাও করিয়েছিলেন। পাত্রীর করোনা পজিটিভ আসে। আর সেই রিপোর্ট এসেছে বিয়ের দিন। এ জন্য সুরক্ষা মেনে এভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে নবদম্পতির আত্মীয়রা জানিয়েছেন।
আর ভিডিওটিতে দেখা গেছে, বর-কনে দুজনেই সংক্রমণ রুখতে রীতিমতো কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তারা পিপিই, গ্লাভস, মাস্ক পরেছিলেন। বর অবশ্য পিপিইর ওপরেই একটি পাগড়ি পড়েছিল। গ্লাভস পরেই মালাবাদল থেকে সম্প্রদান সবকিছুই হয়েছে দুজনের মধ্যে।
বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার বিষয়েও যথেষ্ট সচেতন ছিল স্থানীয় প্রশাসন। আমন্ত্রণ থেকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা সবই খতিয়ে দেখেছে তারা। প্রয়োজনে জরিমানাও ধার্য করা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এই অবস্থায় এ নবদম্পতি একটি অনন্য নজির দেখাল।