জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় পরীক্ষা নেয়ার এই সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগের শিক্ষার্থীদের স্নাতক চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হবে।