মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জের দ্রুত যোগাযোগ স্থাপনে পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।
এ জন্য প্রায় ২ হাজার ২২৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন আল রশিদ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মূলত রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে ক্রমেই শিল্প নগরী হয়ে ওঠা মুন্সিগঞ্জের সঙ্গে সড়ক ব্যবস্থার মাধ্যমে সহজ ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, প্রকল্পটির মাধ্যমে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত বিদ্যমান সড়ক দুই লেইনে প্রশস্ত করার পাশাপাশি দুই লেইনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব করা হচ্ছে।
‘পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলো রাজধানীতে না ঢুকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করতে পারবে।
দুই হাজার ২২৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পটিতে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় দুই হাজার ৬ কোটি টাকার জোগান দেওয়া হবে। বাকি ২২২ কোটি টাকার জোগান দেবে সেতু কর্তৃপক্ষ।
আগামী জানুয়ারিতে শুরু করে ২০২৫ সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এটি বাস্তবায়িত হলে ওই সড়কে যানবাহনের গতিসীমা ৪ দশমিক ৪৫ গুণ বাড়ার পাশাপাশি ভ্রমণ সময় কমে আসবে ৬২ দশমিক ৮৯ শতাংশ।