বর্তমান নির্বাচন কমিশন অযোগ্য একটি প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা হিসেবে বিবেচনা করে প্রশাসনকে ব্যবহার করে তাদের মতো করে নিয়ে নিতে চায়। এ কারণে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা চলে গেছে।

সোমবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে বিমান যোগে জেলার সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশনকে হাস্যকর ও অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত এই কমিশন কোন বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারেনি। বরং তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

ঢাকা থেকে তিনি ইউএস বাংলার ফ্লাইটে বেলা দেড়টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় ফুল দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।