ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম মারা গেছেন

মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যাপ্টেন আকরামের বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি। বিমানবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ।

আকরামের স্ত্রী লায়লা আহমেদ জানান, আজ বাদ জোহর রাজধানীর আগারগাঁওয়ের এয়ারফোর্স ঘাঁটি এসি থ্রির পাঁচ নম্বর গেটে তার স্বামীকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে বাবা-মা ও মেয়ের কবরে সমাহিত করা হবে।

তিনি আরও জানান, গত ১১ নভেম্বর করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন ক্যাপ্টেন আকরাম। তখন ফুসফুসেও সংক্রমণ বেড়ে যাওয়ায় তার অবস্থার অবনতি হয়। গত ৩০ নভেম্বর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গতকাল সকালে হার্ট অ্যাটাকের কয়েক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।