‘রাজনীতির সীমিত সুযোগেও সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে’

বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের (ইসি) কারসাজির কারণে দেশের জনগণ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এ অবস্থায় বিএনপি চেষ্টা করছে জনগণকে সচেতন করে ভোটকেন্দ্রে নেওয়ার। কিন্তু দুর্ভাগ্য নিয়ন্ত্রিত নির্বাচনী প্রচারণা ও রাজনীতির সীমিত সুযোগেও সরকার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ১০ ডিসেম্বর দেশের ১০টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়র পদে সাধারণ নির্বাচন বা উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে বিএনপির প্রার্থীদের অনৈতিকভাবে চাপ দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হচ্ছে। বিএনপির প্রার্থী ও সমর্থকদের নিয়মিত হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন চলছে। নির্বাচন কমিশন ও প্রশাসনে এসব অভিযোগ তুলে ধরার পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলা-মামলা ও হয়রানি চলছে। অন্যান্য নির্বাচনের মতোই এখানে ৫ ডিসেম্বর নির্বাচনী এলাকায় একটি পুরাতন সিএনজি অটোরিকশায় নিজেরা আগুন দিয়ে আওয়ামী লীগ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এলাকাছাড়া করেছে।