শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর হাতিয়ার নলচিরা জাহাজমারা প্রধান সড়কে শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন এর চালক। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৬০) হাতিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে। চালক হাবিবুর রহমান ( ৪৫) গুরুতর আহত হয়েছেন। 

জামাল উদ্দিনের পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন ও হাবিবুর রহমান মোটরসাইকেলে নলচিরা ঘাট থেকে উপজেলা সদর ওছখালিতে আসার পথে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে যান।

মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর রহমান অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।