মাদ্রিদের উৎসবে সেরা অভিনেত্রী জয়া আহসান

সম্মানজনক মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০-এ সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জয়া আহসান।  আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ খবর জানা যায়। নিশ্চিত করেছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রীও।

অতনু ঘোষ পরিচালিত ভারতীয় বাংলা ছবি ‘রবিবার’-এর জন্য জয়ার এই স্বীকৃতি। এ ছবি পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও, যা যোগ হচ্ছে পরিচালক অতনুর ঝুলিতে। দুটোই এসেছে বিদেশি ভাষার সিনেমা বিভাগে।

মঙ্গলবার সকালে পরিচালক অতনু ফেইসবুকে পুরস্কার পাওয়া বিষয়টি জানান। তিনি বলেন, কিছুক্ষণ আগেই পুরস্কারের খবরটি জেনেছেন। তবে স্পেনে করোনাজনিত লকডাউনের কারণে এখনই ট্রফি উঠছে না বিজয়ীদের হাতে।

এ সাফল্যে হৃদ্যতাপূর্ণ অভিনন্দন জানান জয়া ও ‘রবিবার’ টিমকে।

অন্যদিকে জয়া বলেন, “মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ ‘রবিবার’ ছবির মুকুটে দুটো পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।”

“বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? রবিবারের সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।”

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়েছেন ঢাকা ও কলকাতার দুই ‘অ্যাক্টিং পাওয়ার হাউস’ জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পর্কের গল্পের সঙ্গে রহস্য যোগ করে ‘রবিবার’ নির্মাণ করেন অতনু। যেখানে বিচ্ছেদের ১৫ বছর পর এক রবিবারে দুই নর-নারীর দেখা হয়। তারপর নাটকীয়তা ও আত্মানুসন্ধানে এগিয়ে যায় গল্প।

গত বছরের ২৭ ডিসেম্বর ভারতে মুক্তি পায় ‘রবিবার’। পরের মাসে সাফটা চুক্তির আওতায় প্রদর্শিত হয় বাংলাদেশে।

জাতীয় পুরস্কার-জয়ী অতনুর অন্য ছবির মধ্যে রয়েছে রূপকথা নয়, অংশুমানের ছবি, একফালি রোদ, তখন তেইশ ও ময়ূরাক্ষী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত আরেক ছবি ‘বিনি সুতোয়’। এ ছবিতে আরও আছেন ঋত্বিক চক্রবর্তী।

এ দিকে বাংলাদেশ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। ভারতে জিতেছেন জি সিনে অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ারসহ নামি-দামি বেসরকারি পুরস্কার। বর্তমানে তার হাতে আছে ঢাকা-কলকাতার বেশ কিছু ছবি।