দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গৃহবন্দির অভিযোগ

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করার অভিযোগ তুলেছে তার আম আদমি পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে আন্দোলনে সমর্থন জানানোর পর এমন পরিস্থিতিতে পড়লেন তিনি।

কেজরিওয়ালের দল আম আদমি পার্টির টুইট থেকে জানানো হয়েছে, কাউকেই তার বাড়িতে প্রবেশ করতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

টানা ১২ দিন ধরে কৃষক সংগঠনগুলো তাদের বিক্ষোভ জারি রেখেছে কেন্দ্রীয় সরকারের আনা ৩টি কৃষি আইনের বিরুদ্ধে। দিল্লি সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতেই সোমবার সিংঘু বর্ডারে যান মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল-ই দিল্লির প্রথম এমন মুখ্যমন্ত্রী, যিনি কেন্দ্রের বিরুদ্ধে চলা বিক্ষোভের পরিদর্শনে যান। তিনি বলেন, ‘কৃষকদের সব রকম দাবিকে আমি সমর্থন করি। এই বিক্ষোভের যথেষ্ট কারণ আছে। আমি এবং আমাদের দলের নেতারা প্রথম থেকেই কৃষক নেতাদের পাশে আছি।’

‘আন্দোলনের শুরুতে দিল্লি ৯টি স্টেডিয়ামকে জেলে রূপান্তরিত করার জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু চাপের মুখেও আমি অনুমতি দিইনি।’

তিনি বলেন, ‘আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, স্বেচ্ছাসেবক হিসেবেই এসেছি।’