এই দশকেও পরস্পরকে চান তারা

ড্রিউ ব্যারিমোর ও অ্যাডাম স্যান্ডলারের রসায়ন নিয়ে নতুন কিছু বলার নেই। তাদের যৌথ ছবিগুলো এখনো অনেক দর্শক বারবার দেখেন। আর ভাবেন, যদি ড্রিউ ও অ্যাডামকে আবার একসঙ্গে পাওয়া যেতো! তেমনটা ভাবছেন দুই তারকাও।

রবিবার ‘২০২০ এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডস: গ্রেটেস্ট অব অল টাইম স্পেশাল’-এর প্রিমিয়ার হয়। সেখানে তাদের ডাইনামিক ডুও অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

তিন ছবি ‘দ্য ওয়েডিং সিঙ্গার’ (১৯৯৮), ‘ফিফটি ফার্স্ট ডেটস’ (২০০৪) ও ‘ব্ল্যান্ডেড’ (২০১৪)-এ অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার পান তারা। এ সময় ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন আইকনিক এই জুটি। তখন তারা আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

ড্রিউ ব্যারিমোর বলেন, একটা মজার বিষয় যে তোমার সঙ্গে গত তিন দশকে একটি করে ছবি করেছি। জবাবে অ্যাডাম স্যান্ডলার বলেন, হ্যাঁ। ব্যারি এটা ২০২০। এর অর্থ কী তুমি জানো …। নায়িকা বলেন, আরেকটি সিনেমার জন্য নতুন একটি দশক।

তারা আরও জানান, দারুণ কিছুর জন্য অপেক্ষা করছেন। এখনো এই দশকের নয় বছর এক বছর বাকি আছে। সুতরাং, ড্রিউ ও অ্যাডাম চিত্রনাট্য বাছাইয়ের জন্য যথেষ্ট সময় পাবেন।

এর আগে ২০১৮ সালে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যানডি কোহেন’ অনুষ্ঠানে নতুন দশকে আরেকটি ছবি করার ইচ্ছা জানান ড্রিউ।

সিনেমার বাইরেও ড্রিউ ও অ্যাডাম বেশ ভালো বন্ধু। নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করেন তারা।